গ্রীসের সাধারণ মানুষের মনে এখন বিরাজ করছে আতঙ্ক। গ্রীসের ঋণ সহায়তা প্যাকেজের সময় শেষ হবে আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে।
রোববার জানা গেছে, গ্রীসের বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য সেদেশের ব্যাংকগুলোকে জরুরী অর্থ দেয়া বন্ধ করে দিতে যাচ্ছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গ্রীসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে।
তবে মনে করা হচ্ছে গ্রীস এই অর্থ দিতে না পারলে ঋণখেলাপী হয়ে যাবে। তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা বলছেন, গ্রীসের উচিত হবে সোমবার দিনটিকে ব্যাংক হলিডে বা ছুটির দিন হিসেবে ঘোষণা করা - যাতে অর্থখাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।
সংকটের আশঙ্কা ঘনীভূত হতে থাকায় গ্রীসের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে ভিড় জমাচ্ছে ক্যাশ মেশিনগুলোর সামনে।
এথেন্সে বাংলাদেশি অভিবাসী এসোসিয়েশনের প্রধান জয়নাল আবেদিন বলছিলেন, একটা গুজব চলছে এক সপ্তাহ ব্যাংক বন্ধ থাকবে আর এ কারণে মানুষজন খুব ভয় পাচ্ছে নিজেদের টাকা ব্যাংকে থাকবে কিনা। টাকার জন্যই সবাই আতঙ্কে আছে।
আর একটা বিষয়ে ভয় যে ইউরোপ থেকে গ্রীস বের হয়ে গেলে এখনকার মতো ইউরোপের দেশগুলোতে সহজভাবে চলাচল করতে পারবো না। আমাদের ইউরো যেটা আছে সেটার পূর্বের কারেন্সি এসে যাবে। এসব মিলায়ে আমরা সবাই আতঙ্কে আছি-বলছিলেন মি. জয়নাল।
এই অবস্থায় মানুষ ব্যাংক থেকে টাকা তোলার পাশাপাশি খাবারও মজুদ করছে বলে জানালেন জয়নাল আবেদিন।
মি. আবেদিন জানান যে তিনি চারটা সুপারমার্কেট ঘুরে দেখেছেন, প্রচুর লোক লাইন দিয়ে বাজার করছে, ঘরের টিস্যুপেপার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে সুপারমার্কেটে মানুষের ভিড় জমেছে।
সূত্র: বিবিসি
এসএইচ





