ইয়েমেনে সৌদি সরকারের হামলার জবাবে আনসারুল্লাহ পাল্টা হামলা চালাতে পারে এই ভয় ও আশঙ্কায় সৌদিআরবের দক্ষিণাঞ্চল থেকে পালিয়েছে প্রিন্সরা।
আল-মাসা’ প্রেস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে সৌদিআরবের দক্ষিণাঞ্চলে যেসব সৌদি প্রিন্সের প্রাসাদ রয়েছে, গতরাতেই তারা সেসব প্রাসাদ ত্যাগ করে সৌদিআরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দায় চলে গেছেন।
সৌদিআরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সাথে ৮০০ কিলোমিটার যৌথ সীমান্ত রয়েছে। সৌদি সেনারা গত বৃহস্পতিবার ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির ওপর বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের পাল্টা হামলার আশঙ্কায় সৌদি সেনারা জেদ্দার কাছে অ্যান্টি-এয়ারক্র্যাফট মোতায়েন করেছে এবং জেদ্দা ও রিয়াদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জেদ্দা এবং রিয়াদে সেনাবাহিনীর প্রস্তুতিতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
গণমাধ্যমগুলো জানিয়েছে ইয়েমেন ও সৌদিআরবের সীমান্তবর্তী জিযান ও সাবিয়্যে অঞ্চলে যুদ্ধের সাইরেনও বেজেছে। কোনো কোনো বার্তা সংস্থা আরও জানিয়েছে আনসারুল্লাহ সেনারা সৌদি সীমান্তের কাছে তাদের যুদ্ধসরঞ্জাম এনে মজুদ করেছে। সম্ভাব্য যে-কোনো সংঘর্ষে এসব সামরিক সরঞ্জাম প্রয়োজনমতো ব্যবহার করা হবে।
ইআর





