মক্কার মসজিদুল হারামের ক্রেন দুর্ঘটনায় হতাহতদের জন্য বিপুল ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। বিপুল আর্থিক বন্দোবস্তের পাশাপাশি তাদের স্বজনদের হজ করাসহ বিভিন্ন সহায়তার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত কিংবা গুরতর আহত ব্যক্তির প্রতিটি পরিবার ১০ লাখ রিয়াল (দুই কোটি ৮১ লাখ টাকা) করে পাবেন। আর তেমন গুরুতর আহত হননি, তাদের প্রতিটি পরিবার পাঁচ লাখ রিয়াল করে পাবেন।
রাজকীয় নির্দেশে বলা হয়েছে, হতাহতের শিকার পরিবারগুলো আর্থিক ক্ষতিপূরণের জন্য প্রয়োজনে আইনের আশ্রয়ও নিতে পারবেন।
মঙ্গলবারের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, আহত যেসব ব্যক্তি শারীরিক কারণে এ বছর হজ করতে পারছেন না, তারা আগামী বছর বাদশাহর মেহমান হিসেবে হজ করতে পারবেন।
এতে আরো বলা হয়েছে, আহত যেসব ব্যক্তি এখন হাসপাতালে রয়েছেন, তাদের স্বজনদের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সাথে থাকার জন্য বিশেষ ভিসা দেয়া হবে।
আর হতাহত প্রতিটি ব্যক্তির পরিবারের দুজন করে সদস্যকে আগামী বছর বাদশাহ সালমানের মেহমান হিসেবে হজ করার সুযোগ দেয়া হবে।
গত শুক্রবার ওই দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং ২৩৮ জন আহত হয়েছিলেন।
এর আগে বলা হয়েছিল, বিমা কোম্পানির পক্ষ থেকেও তারা বিপুল অর্থ পাবেন।
একজন বিমা বিশেষজ্ঞ জানান, ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের পরিমাণ হতে পারে ৩২ মিলিয়ন সউদি রিয়াল। সেই হিসেবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পাবেন ৩ লক্ষ সৌদি রিয়াল। ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ আদহাম জাদ আল হায়াতকে বলেন, সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য ন্যূনতম ১ লাখ রিয়াল পর্যন্ত বিমা ঝুঁকি গ্রহণ করা হয়। কিন্তু ক্ষেত্র বিশেষে এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য বড় ধরনের আপদকালীন সময়ে তা বাড়ানো হয়।
সূত্র : গালফ নিউজ





