গাজায় কয়েকটি বিস্ফোরণে ধ্বংস হয়েছে হামাস ও ইসলামী জিহাদ সদস্যদের পাঁচটি গাড়ি।

বিস্ফোরণগুলো ঘটেছে আজ স্থানীয় সময় ভোর সাড়ে ছ'টার দিকে। প্রায় ১৫ মিনিট বিরতিতে ফাটানো হয় বোমাগুলো। গাড়িগুলো তাদের মালিকদের বাসভবনের খুব কাছেই পার্ক করা ছিল।

বিভিন্ন এলাকায় ঘটে-যাওয়া এইসব বিস্ফোরণ সম্পর্কে স্থানীয় পুলিশ এখনও কোনো মন্তব্য করেনি। ক্ষয়ক্ষতিরও কোনো খবর এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ধ্বংস হওয়া গাড়িগুলোর মধ্যে তিনটি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ও দু'টি ছিল ইসলামী জিহাদ সদস্যদের।

আইএসআইএল বা ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এইসব বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন।

এর আগে সরকারি ভবন, কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালানোর কয়েকটি ঘটনা ঘটেছে।

গাজার ক্ষমতাসীন হামাস সরকার সম্প্রতি চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রায় ১০০ সদস্য বা সমর্থককে আটক করে কারাগারে পাঠিয়েছে বলে এই গোষ্ঠীগুলো দাবি করেছে।

সম্প্রতি আইএসআইএল গাজা থেকে হামাসকে উৎখাত করবে বলে হুমকি দিয়েছে । ওই হুমকির কয়দিন পরই গাজায় বিমান হামলা চালায় দখলদার ইসরাইল। সূত্র: রেডিও তেহরান

এসএইচ