আকাশ থেকে মানুষের মাথায় বাজ পড়তে পারে। কিন্তু গরু তো পড়ার কথা নয়। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে।
ভারতের কলকাতায় রোববার সকালে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি বাংলার’।
তিলজলা এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী আবদুল মান্নান সকালে গিয়েছিলেন বাজারে। শসা কেনার জন্য যেই তিনি নিচু হলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় ওপর পড়ল ভীষণ ভারী কোনো বস্তু।
রাস্তায় উল্টে পড়ে গিয়েছিলেন আবদুল মান্নান। চারদিকে রক্ত। তারপরেই তিনি খেয়াল করেন যে আস্ত একটি গরু পড়েছে তার মাথায়।
প্রথমে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে আবদুল মান্নানকে সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।
কিন্তু আকাশ থেকে গরুটা পড়ল কীভাবে? খোঁজ নিতে গিয়ে স্থানীয়রা জানতে পারেন, চারতলা বাসাটির ছাদ থেকে লাফিয়ে নীচে পড়ে ওই ছয় মাস বয়সী গরুটি যার ওজন ৮৫ কেজি।
বাড়ির মালিক আঞ্জুম আলম জানান, এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে ওই গরুটি বেঁধে রেখেছিল। স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। গলার রশি ছিঁড়ে ছাদের দেয়াল টপকে প্রায় ৭০ ফুট নিচে আবদুল মান্নানের মাথায় পড়ে গরুটি।
মান্নানের স্ত্রী সীমা বেগম বলেন, ‘কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে, ১৮টা সেলাই পড়েছে। গায়ে, হাতে, পায়ে অনেক জায়গায় চোট আছে।’
যে বাড়ি থেকে গরুটি লাফ দিয়ে পড়েছিল, সেই বাড়ির মালিক আবদুল মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন।
পুলিশের কাছে কোনো অভিযোগ না জানানো হলেও তিলজলা থানা একটি জেনারেল ডায়েরিতে (জিডি) ঘটনাটির উল্লেখ করে রেখেছেন।
এমই





