সৌদি আরবের জেদ্দায় সোমবার মার্কিন কনস্যুলেটের কাছে আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত ওই হামলাকারী আব্দুল্লাহ কালজার খান বলে পরিচয় নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
পাকিস্তানে জন্ম নেওয়া আব্দুল্লাহ কালজার স্ত্রী ও তার অভিভাবকদের নিয়ে ১২ বছর ধরে জেদ্দায় বসবাস করে আসছেন। তিনি সেখানে ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার ভোরে মার্কিন কনস্যুলেট সংলগ্ন হাসপাতালের পার্কিংলটের কাছে নিজের গাড়িটি পার্ক করেন কালজার। গাড়ি থেকে বেরিয়ে তিনি হাসপাতালের বিপরীতে অবস্থিত কনস্যুলেট লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলেন। গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ কর্মকর্তারা তাকে দাঁড়ানোর নির্দেশ দেন এবং তার দেহতল্লাশির জন্য এগিয়ে যান। এর আগেই নিজের দেহে থাকা আত্মঘাতী বোমায় বিস্ফোরণ ঘটান কালজার। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
জেড





