দুই বছর আগে নাইজেরিয়ার অপহৃত স্কুলবালিকাদের ভিডিও প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। ভিডিওতে বালিকাদের জীবিত দেখানো হয়েছে। এ থেকে তাদের পরিবার আবার আশায় বুক বেঁধেছে, মেয়েদের হয়তো ফিরে পাওয়া যাবে।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ধারণা করা হয় যে, গত ডিসেম্বর মাসে স্কুলবালিকাদের ভিডিও ধারণ করা হয়। মুখ খোলা কিন্তু বোরকায় তাদের শরীর ঢাকা। পরিচয়ে তারা বলছে, তারা স্কুলে পড়া সেই স্কুলবালিকা। বোকো হারামের অধীনে আছে তারা।

এদিকে ভিডিও দেখে কয়েক বালিকাকে তাদের বাবা-মা শনাক্ত করেছেন। বোকো হারাম অপহৃত ১৫ বালিকার ভিডিও প্রকাশ করেছে।

বৃহস্পতিবার অপহৃত মেয়েদের স্বজনরা রাজধানী আবুজায় অবস্থান কর্মসূচি ও পদযাত্রা করেছেন। আজ থেকে দুই বছর আগে একসঙ্গে ২৭৬ স্কুলবালিকাকে স্কুল থেকে অপহরণ করে জঙ্গিরা।

বোকো হারামের প্রকাশিত ভিডিও নাইজেরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০১৪ সালের মে মাসে ১০০ বালিকার একটি ভিডিও প্রকাশ করে বোকো হারাম। সেটিও সরকারকে দেওয়া হয়েছে।

একসঙ্গে ২৭৬ স্কুলবালিকা অপহৃত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা থেকে হলিউডের সেলেব্রেটিরা মেয়েদের উদ্ধারে প্রচার চালায়। কয়েকজন মেয়ে উদ্ধার হলেও অধিকাংশ মেয়ে এখনো নিখোঁজ রয়েছে।

 

এমআইএস।