পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য একযোগে চেষ্টা করছে ইসলামাবাদ, নয়াদিল্লি এবং ওয়াশিংটন।

আগামী মাসে ওয়াশিংটন ডিসিতে এ বৈঠকের চেষ্টা চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ (শুক্রবার) খবর দিয়েছে।

ওয়াশিংটনে মার্চের ৩১ তারিখে থেকে দুই দিনের শীর্ষ পরমাণু সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনের যোগ দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণ গ্রহণ করেছেন নওয়াজ এবং মোদি। এই প্রথম পাকিস্তান এবং ভারতের প্রধানমন্ত্রীরা এ শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। ২০১০ সাল থেকে এ সম্মেলনের আয়োজন করছেন ওবামা।

নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় এক পাক কর্মকর্তা বলেন, শীর্ষ সম্মেলনের দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা খুবই জোরালো।

এর আগে, চলতি মাসের মাঝামাঝি, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান উত্তেজনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র মার্ক টোনার এ মন্তব্য করেন। উত্তেজনা কমানোর জন্য দেশ দুটির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, দেশ দুটির মধ্যে আমেরিকা সংলাপ চায়।

 এআই