শনিবার ভোরে কেনিয়ায় ২৮ জন বাসযাত্রীকে গুলি করে হত্যার দায়ভার স্বীকার করেছে সোমালিয়ার আল কায়েদা সংশ্লিষ্ট সংগঠন আল শাবাব। কেনিয়ায় কয়েকদিন আগে একটি মসজিদে সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আল শাবাব। খবর আল জাজিরার।

শনিবার কেনিয়ার স্থানীয় সময় ভোরবেলায় একটি যাত্রীবাহী বাস আটকে ২৮ জন অমুসলিম যাত্রীকে গুলি করে হত্যা করে আল শাবাবের যোদ্ধারা। বাসটিতে ৬০ জন যাত্রী থাকলেও মুসলিম যাত্রীদেরকে আলাদা করে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর বাসটিকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কাদা রাস্তায় আটকে যাওয়ায় বাস নিয়ে যেতে পারে নি তারা।

ঘটনাটি ঘটে কেনিয়ার উত্তরাঞ্চলীয় সোমালিয়ার সীমান্ত সংলগ্ন মানদেরা শহর থেকে ৫০ কিলোমিটার দূরে। বাসটি কেনিয়ার সীমান্তবর্তী এই শহরটি থেকে রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। নিহতদের মধ্যে দুজন সরকারি নিরাপত্তা কর্মকর্তা এবং শিক্ষকও রয়েছেন। তারা সাপ্তাহিক ছুটি কাটাতে নিজ এলাকায় গিয়েছিলেন।

হামলার ব্যাপারে আল শাবাবের মুখপাত্র শেখ আলী মোহাম্মদ রাজি বলেন, "আল্লাহর রহমতে আমাদের মুজাহিদরা আজ ভোরে মানদেরার নিকট এই অপারশেনটি চালিয়েছে। তারা ২৮ জন ক্রুসেডারকে হত্যা করেছে। মোম্বাসায় আমাদের মুসলিম ভাইদের ওপর নির্যাতনের প্রতিশোধ নিতেই কেনিয়ার ক্রুসেডারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান।"

উল্লেখ্য, কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি মসজিদে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। সেখানে বিদ্রোহী থাকার অভিযোগে এ অভিযান চালানো হয় বলে দাবি করে সেনাবাহিনী। সেনা সদস্যরা জুতা পরেই মসজিদের ভিতরে ঢুকে পড়ে। সেনাবাহিনী দাবি করে সেখান থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ছাড়া আটক করা হয় দেড় শতাধিক মুসুল্লিকে।

এমএ