তুরস্কের ইস্তাম্বুলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালকসহ ১২ অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ। তাদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, তুর্কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক ইদিল ইজারসহ ১২ অ্যাক্টিভিস্টকে পুলিশ বুধবার গ্রেফতার করেছে। ইস্তাম্বুলের বুয়ুকাদায় ‘ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা’ থেকে তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক হুরিয়েতের খবরে বলা হয়, বুয়ুকাদার একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ মোট ১২ জনকে গ্রেফতার করে। তাদেরকে কি কারণে গ্রেফতার করা হয়েছে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক সলিল শেঠী বলেন, ‘সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া তুর্কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালকসহ ১২ জনকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ’

তিনি আরও বলেন, ‘তাদেরকে অবশ্যই বিনা শর্তে দ্রুত ছেড়ে দিতে হবে। গ্রেফতারের পর বর্তমানে তাদেরকে কোথায় রাখা হয়েছে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ’

এমএনজে