জগদ্বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’র মোনালিসা চীনা দাসী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন এই চিত্রকর্মের স্রষ্টা কালজয়ী চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চির মা। এমন দাবি করেছেন অ্যাঞ্জেলো প্যারাতিকো নামে একজন ইতালীয় ইতিহাসবিদ ও ঔপন্যাসিক।
সাউথ চায়না মর্নিং পোস্টকে অ্যাঞ্জেলো প্যারাতিকো বলেছেন, ‘মোনালিসা চিত্রকর্মের ব্যাকগ্রাউন্ডে যে ভূপ্রকৃতি আঁকা হয়েছে, তা চীনের কোনো স্থানের। এমনকি মোনালিসার চেহারাও চীনাদের মতো।’
অ্যাঞ্জেলো প্যারাতিকোর এই দাবি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে, তা অনলাইনে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। চীনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্যারাতিকোর এই দাবিকে বিশ্বাসযোগ্য মনে করেনি। তারা বিস্ময় প্রকাশ করেছেন। সেই সঙ্গে কৌতুকও করেছেন যে যার মতো।
ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভ্যর মিউজিয়ামে রাখা মোনালিসা চিত্রকর্মের সঙ্গে লিওনার্দো দ্যা ভিঞ্চির যে পরিচয় দেয়া হয়েছে, তাতে তার মায়ের নাম ক্যাটেরিনা। তবে ক্যাটেরিনার সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। মোনালিসা চিত্রকর্ম ও চিত্রকর্মের মানুষটিকে নিয়ে ইতালির ইতিহাসবিদ অ্যাঞ্জেলো প্যারাতিকোর দাবি তাই ভিঞ্চির মায়ের পরিচয় নিয়ে নতুন বিতর্কের জন্ম দিল।
প্যারাতিকোর দাবি আরও জোরালো হয়ে উঠেছে তার নতুন একটি বইয়ে। সিগমুন্ড ফ্রয়েডের বরাত দিয়ে তিনি লিখেছেন, মোনালিসা চিত্রকর্মের জন্য ভিঞ্চি হয়তো তার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন।
প্যারাতিকো তার নতুন বইয়ে আরও লিখেছেন, ভিঞ্চির বাবার একজন ধনী মক্কেলের দাসী ছিলেন ক্যাটেরিনা। ভিঞ্চির জন্মের সাল ১৪৫২। ওই সময় থেকে ক্যাটেরিনা সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায় না।
এ ছাড়া প্যারাতিকোর বইয়ে দাবি করা হয়েছে, আর যাই হোক, ভিঞ্চির মা প্রাচ্যের মানুষ ছিলেন; এতে কোনো সন্দেহ নেই। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
কেএইচ





