[b]তেলআবিব:[/b] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্পর্কে গর্হিত মন্তব্য করে ক্ষমা চাইলেন ইসরাইলি যুদ্ধমন্ত্রী মোশে ইয়লোন।
জন কেরি  ইসরাইল ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মধ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে যে প্রচেষ্টা চালাচ্ছিলেন ইয়ালোন কঠোর ভাষায় তার সমালোচনা করেন। তিনি বলেন,কেরি’র শান্তি পরিকল্পনাটি লেখার মাধ্যমে কেবল কাগজেরই অপচয় হয়েছে। কারণ কেরি’র পরিকল্পনাটির মূল্য একটি কাগজের সমানও নয়। ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। মর্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরিকে ‘আপদ’ হিসেবে উল্লেখ করেন তিনি।
ইয়ালোন এ বক্তব্য দেয়ার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তেলআবিবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এর জের ধরে মঙ্গলবার রাতেই ইয়ালোন এক বিবৃতি প্রকাশ করে কেরির কাছে নিঃশর্ত ক্ষমা চান। তিনি দাবি করেন,মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আঘাত দেয়ার কোনো ইচ্ছে তার ছিল না। ইয়ালোনের বিবৃতিতে বলা হয়,কেরি যদি তার বক্তব্যে আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র জে কার্নি বলেন,ইয়ালোনের বক্তব্য ছিল আক্রমণাত্মক ও কূরুচিপূর্ণ। বিশেষ করে জন কেরি যখন ইসরাইলেরই নিরাপত্তা রক্ষার স্বার্থে কাজ করছেন তখন তেলআবিবের একজন মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না।
এদিকে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রীর ক্ষমা প্রার্থনায়ই সন্তুষ্ট নয় ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কূটনীতিক বলেছেন,ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও তার মন্ত্রীর গর্হিত মন্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।