আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের পাচারকারী চক্রের প্রধান হোতা বলে কথিত ইরিত্রিয়ার এক ব্যক্তিকে ইতালির হাতে ন্যস্ত করেছে সুদান।

ইতালির সরকারি কৌঁসুলিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

মে মাসে ‘দ্য জেনারেল’ নামে পরিচিত মেরেদ মেদহানিকে সুদান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার সেখানে থেকে আকাশপথে তাকে রোমে নিয়ে যাওয়া হয়।

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) জানিয়েছে, ২০১৩-র অক্টোবরে ভূমধ্যসাগরের ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী যে নৌকাটি ডুবে যায়, সেটির যাত্রার আয়োজন এই মেদহানিই করেছিলেন বলে মনে করা হয়।

লিবিয়া থেকে রওয়ানা হওয়া ওই নৌকাটি ডুবে ৩৫৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। মৃতদের বেশিরভাগই ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক।

ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, মধ্য আফ্রিকা ও লিবিয়ায় তৎপর অন্যতম সবচেয়ে বড় অপরাধী চক্রটির ‘নেতা ও সংগঠক’ হিসেবে মেদহানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ইতালির সিসিলি দ্বীপের পালের্মোর তদন্তকারীরা মেদহানির বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন। বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এনসিএ জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের একটি ঠিকানায় তারা তাকে খুঁজে পান, সেখান থেকেই সুদানি কর্তৃপক্ষের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

দ্য জেনারেল নামে পরিচিত ৩৫ বছর বয়সী মেদহানি লিবিয়ার নিহত সাবেক নেতা কর্নেল মুয়াম্মাম গাদ্দাফির সাজে সেজে থাকতেন বলে জানিয়েছে এনসিএ।

ল্যাম্পেডুসার শোকাবহ ঘটনাটির তদন্তে ইতালীয় কর্মকর্তাদের সহায়তা করেছেন ব্রিটিশ তদন্তকারীরা।  

এফএফ