যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে দমন করায় দেশটিতে বহুজাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার সিনেটের শুনানিতে লিখিত বক্তব্যে একথা বলেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার।

বিদেশিদের হত্যা করে বিএনপি-জামায়াত হাসিনা সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে সরকার যে অভিযোগ করছে, মার্কিন সিনেটের শুনানিকে ক্ল্যাপারকে সে সম্পর্কেও প্রশ্ন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিশ্বব্যাপী হুমকি সম্পর্কে সিনেটে লিখিত শুনানিতে ক্ল্যাপার বলেন, বাংলাদেশে বিদেশি ও সংখ্যালঘুদের ওপর আলোচিত ১১টি হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।

এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১১ জন সেক্যুলার লেখক ও ব্লগারকে হত্যার দায় স্বীকার করেছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা।

এপি জানায়, সেক্যুলার ও সহিষ্ণু ঐতিহ্যের মুসলিম প্রধান বাংলাদেশে চরমপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠছে।

তবে হাসিনার সরকার বাংলাদেশে ইসলামিক স্টেটের অস্তিত্বের কথা অস্বীকার করেছে এবং দাবি করেছে সহিংসতার জন্য দেশীয় ইসলামপন্থী গোষ্ঠী এবং রাজনৈতিক বিরোধীরা দায়ী।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিরোধী দলের বর্জনের মধ্যে ২০১৪ সালের জানুয়ারির সংসদ নির্বাচন এবং যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এমকে