পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এজন্য ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণাকালে এই প্রস্তাব দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বেশকিছু পরিকল্পনা তুলে ধরেন।

ট্রাম্প সেখানে বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। তিনি ইসরাইল ও ফিলিস্তিনকে পৃথক রাষ্ট্র হিসেবে প্রস্তাব করে বলেন, অবিভক্ত জেরুজালেম থাকবে ইসরাইলের রাজধানী, আর পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করা হবে।

তবে এজন্য ইসরায়েলকে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ফিলিস্তিনকে।

এদিকে ঘোষিত পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র নির্মাণে প্রয়োজনে চার বছর ইসরায়েলের সব ধরনের উন্নয়ন পরিকল্পনা স্থগিত রাখা হবে।

এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করে পশ্চিমতীর ও গাজায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। এসময় তারা তাদের মাটি বিক্রি করবেন না বলে স্লোগান দেন।

এমআর