ফিরে এলো ২০১৬ সালের ভয়াবহ স্মৃতি। বুধবার মাত্র এক ঘণ্টায় পর পর তিনবার জোরালো ভূমিকম্পের সাক্ষী থাকল মধ্য ইতালি। সেই সঙ্গে প্রবল তুষারপাতে বাড়ল বিভ্রান্তি। উৎসস্থল অ্যামাট্রিস শহরের উত্তরে পাহাড়ি এলাকায়।

এদিন সকাল ১০:২৫ মিনিটে প্রথম কম্পনটি ঘটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৩। কম্পনের মাত্রা সবচেয়ে বেশি অনুভূত হয় অ্যামাট্রিস শহরে। এর ৫০ মিনিট পরে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। কম্পনের মাত্রা ছিল ৫.৭। তার মাত্র ১০ মিনিটের মাথায় আফটারশকের জেরে তৃতীয় বার কেঁপে ওঠে ইতালি। এবার কম্পনের মাত্রা ৫.৩।

কম্পনের উত্‍সস্থল রোম থেকে ৬২ কিমি দূরে অ্যামাট্রিস শহরের গত কয়েকদিনে রাজধানী রোম-সহ ইতালির বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয়েছে। প্রায় ৩ ফিট বরফের নীচে চাপা পড়েছে রাস্তা ও জমি। তার সঙ্গে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি।

রাস্তায় তৈরি হয় বিশাল যানজট। ব্যাহত হয় উদ্ধারকাজ। ২০১৬ সালে এই অঞ্চলে তীব্র ভূমিকম্পের জেরে প্রায় ৩০০ জন প্রাণ হারান। তবে এদিনের ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মাহমুদ