ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, দেশটির সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবক বাহিনী তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শক্তিশালী ঘাঁটি মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান শুরু করেছে।
নিউইয়র্ক থেকে দেয়া টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য নিউইয়র্কে গেছেন তিনি।
তিনি বলেন, যৌথ বাহিনী মসুলের ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত শিরকাত শহর মুক্ত করার অভিযান শুরু করেছে। এ ছাড়া, পশ্চিম আনবার প্রদেশের আরো দু’টি এলাকা মুক্ত করার অভিযানও শুরু হয়েছে বলে জানান তিনি।
এ সব অভিযানের মাধ্যমে আল্লাহ্র ইচ্ছায় প্রতি ইঞ্চি ইরাকি ভূমি দায়েশ মুক্ত হবে। মসুল মুক্ত করার মাধ্যমে এ অভিযানের সমাপ্তি ঘটবে বলেও ঘোষণা করেন তিনি।
নিয়মিত এবং স্বেচ্ছাসেবক বাহিনী এরই মধ্যে শিরকাত শহর পুরোপুরি অবরোধ করে ফেলেছে। শহরটির হাজার হাজার বেসামরিক মানুষকে দায়েশ মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
জেড





