তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে।
শুক্রবার প্রকাশিত একটি কলামে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস। তিনি এতে নাম না প্রকাশের শর্তে দেয়া এক ডজনের বেশি আমেরিকান ও সৌদি সূত্রের সাক্ষাৎকার তুলে ধরেন।
এসব সূত্র জানায়, সৌদি ঘাতক দলটির কয়েকজন যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের কোম্পানি টায়ার ওয়ান গ্রুপের অধীনে বিশেষ অভিযানের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার একটি বৃহত্তর গোয়েন্দা ও প্রতিরক্ষা অংশীদারিত্বের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই প্রশিক্ষণ দেয়া হয় বলে উল্লেখ করা হয়েছে কলামটিতে।
গণমাধ্যমটির মতে, সৌদি গোয়েন্দা সংস্থাকে আধুনিকায়নে সাহায্য এবং প্রশিক্ষণ দিতে আরও একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এটি অপেক্ষমান আছে।
কিছু নামকরা সাবেক সিআইএ (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা এবং সৌদি গোয়েন্দা সংস্থার উপপ্রধান আহমাদ আসিরির সাহায্যে এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে কালপিপার ন্যাশনাল সিকিউরিটি সলিউশন্স নামের একটি প্রতিষ্ঠান।
খাশোগি হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে আসিসির বিরুদ্ধে তদন্ত করছে সৌদি আরব।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি। প্রথম থেকেই তুরস্ক দাবি করে আসছিল তাকে ভবনটির ভেতরেই হত্যা করা হয়।
সৌদি কর্তৃপক্ষ প্রথমে অস্বীকার করলেও পরে তাকে হত্যার কথা স্বীকার করে। তারা একথাও স্বীকার করে যে এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনও তার মরদেহের সন্ধান মেলেনি।
জেড





