ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন ইমাম এবং অন্যজন স্থানীয় এক ব্যক্তি। ফ্রান্সের সময় বৃহস্পতিবার বিকালে ওই মসজিদটিতে হামলা হয়।
ওই বন্দুকধারী মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাও করছিলেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির বয়স ৮৪ বছর। বাওয়ান শহরের কাছে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। মসজিদের কাছে গুলি চালানোর পর তিনি একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন।
তিনি মসজিদের বাইরে যে দুজনের ওপর গুলি চালান তাদের বয়স ৭০। মসজিদের দরজার আগুন লাগানোর সময় ওই দুজনকে দেখে তাদের ওপর গুলি চালান তিনি।
আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ঘৃণ্য আক্রমণ বলে অভিহিত করে দুর্বৃত্তকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
এএস





