লোকসভা নির্বাচনটা মোটেই ভাল যাচ্ছে না আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের। বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণার দিনই তাঁকে কালি-ডিমে বরণ করে নিয়েছিল পবিত্র ভূমির জনতা। এবার নিজের মুক্তাঞ্চল দিল্লিতেই আক্রমণের শিকার হতে হল।
ভারতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোড শো চলাকালে শপাটে থাপ্পড় এসে লাগল অরবিন্দ কেজরিওয়ালের পিঠে। থতমত কেজরি চড়ের ঘা সামলে যখন তাঁর সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দিচ্ছেন ততক্ষণে ওই ব্যক্তিকে উত্তম মধ্যম ধোলাই দিয়েছে গান্ধী টুপি পরিহিত আপ কর্মী সমর্থকরা।
শুক্রবার এই ঘটনার জেরেই উত্তাল হল দিল্লির দক্ষিণপুরি এলাকা। এদিন সেখানে একটি রোড শোতে অংশ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। মাঝপথেই বিপত্তি ঘটে। পিঠ বরাবর তাঁকে থাপ্পড় মারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেন আপ নেতা-কর্মীরা। তাঁরাই ওই ব্যক্তিকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে তুলে দেন পুলিশের হাতে। ঘটনার জেরে যারপরনাই অস্বস্তিতে দিল্লি পুলিশ। বহুবার অনুরোধ সত্ত্বেও আপ প্রধানকে নিরাপত্তা নিতে রাজি করানো যায়নি।
এদিকে নিত্য দিন তাঁকে নিশানা করা হচ্ছে। কখনও কালি মাখানো, কখনও বা তাঁর গাড়ির উদ্দেশ্যে ডিম ছোড়া। ভোটের মুখে এই আক্রমণকে কেজরি প্রচারের হাতিয়ার করলেও, ঘুম নেই পুলিশের।
কারণ গোয়েন্দা সূত্রে খবর, কেজরিকে অপহরণের ছক কষে রেখেছে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠন।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]