ভারতের হিমাচলের কিন্নরে একটি যাত্রীবাহী বাস ২০০ মিটার উঁচু থেকে গড়িয়ে খাদে পড়ে গেলে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
বাসটি রেকঙ্গ পিয়ো থেকে রামপুর শহরের দিকে যাচ্ছিল। পথে নাথপা নামক স্থানের কাছে যানটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনাস্থলটির অবস্থান শিমলা থেকে ১৮০ কিলোমিটার দূরে। কিন্নরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাহুল নাথ টেলিফোনে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৫ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
আহতদের ভবনগর এবং রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের অধিকাংশই কিন্নর ও শিমলা জেলার বাসিন্দা।
এএইচ





