সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করা না হলে সিরিয়ার সরকারি সেনাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এরদোগান বলেন, “আগের মতোই আমরা যেকোনো রাতে আকস্মিকভাবে অভিযান চালাতে পারি।”
এর আগে তুরস্ক তিনবার সিরিয়ার সীমানা পেরিয়ে সামরিক অভিযান চালিয়েছে। সেসব সেনা অভিযানের প্রতিই ইঙ্গিত দিয়েছেন তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সংসদীয় দলের এক বৈঠকে এরদোগান বলেন, যেকোনো মূল্যে সিরিয়ার ইদলিবে নিরাপত্তা জোন প্রতিষ্ঠা করতে হবে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সামরিক অভিযানের জন্য তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়েছে, অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র।
এরদোগানের এই হুমকির জবাবে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা যদি সিরিয়ার একটি বৈধ সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা বলি তাহলে সেটা হবে অত্যন্ত খারাপ একটি দৃশ্যপট।”
পেসকভ বলেন, তুরস্ক যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে তার বিরুদ্ধে মস্কোর কোনো আপত্তি নেই। এসব বিষয় নিয়ে তুরস্কের সাথে মস্কোর আলোচনা অব্যাহত রয়েছে।
এমবি





