ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুওয়াহহেদি কেরমানি বলেছেন, পরমাণু আলোচনাকে সফল করার জন্য আমেরিকাকে আগে সভ্য বা মানুষ হওয়ার সিদ্ধান্ত নিতে হবে যা অসম্ভব।  
আসন্ন পরমাণু আলোচনাকে সফল করার জন্য তেহরানকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি যে দাবি জানিয়েছেন তার জবাবে তিনি  তেহরানের জুমা নামাজের খোতবায় এই মন্তব্য করেছেন। 
তিনি এ প্রসঙ্গে একটি ফার্সি কবিতার উদ্ধৃতি দিয়েছেন যেখানে বলা হয়েছে, শুধু চোখ, মুখ, নাক ও কান থাকলেই যদি মানুষ হওয়া যেত তাহলে দেয়ালে আঁকা মানুষের ছবি ও মনুষ্যত্বের মধ্যে পার্থক্য কোথায়?
আয়াতুল্লাহ মুওয়াহহেদি কেরমানি মানুষ ও জাতিগুলোর নিরাপত্তাসহ তাদের অধিকারের প্রতি ভ্রুক্ষেপহীন দাম্ভিক মার্কিন সরকারের সমালোচনা করে বলেছেন, এই সরকার কেবল দখলদার ইসরাইলের নিরাপত্তাকেই গুরুত্ব দেয় এবং এ জন্য মজলুমদের রক্তের বন্যা বইয়ে দেয়া ও ফিলিস্তিনিদের হত্যা করাকে সমস্যা বলে মনে করে না।
তিনি বলেন, মার্কিন সরকারের দৃষ্টিতে কেবল আমেরিকা ও ইসরাইলের পরমাণু অস্ত্র রাখতে পারবে, আর ইরান শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে পারবে না- এই দাবি কি কোনো মানুষের যুক্তি হতে পারে? 
জনাব কেরমানি বলেন, আমেরিকা বলছে, আমরা ইরানকে বিশ্বাস করি না, আমরা বলব, ইরানও আমেরিকার প্রতি হাজার গুণ বেশি অবিশ্বাসী, কারণ, মার্কিন সরকারের মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা এবং চুক্তি ও প্রতিশ্রুতি লঙ্ঘন বার বার প্রমাণিত হয়েছে।
ইরান তার পরমাণু অধিকারে বিন্দুমাত্র ছাড় দেবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামই ওয়াশিংটন ও তেহরানের পথকে সব সময় ভিন্ন রাখবে এবং এর ফলে আমেরিকা কখনও মজলুমের ওপর গণহত্যা, জুলুম ও আগ্রাসন ত্যাগ করবে না, অন্যদিকে ইরানও কখনও মজলুমের প্রতি সমর্থনসহ যুক্তি, সত্য ও ন্যায়ের পথ ছাড়বে না।  সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ১০ মে(টাইমনিউজবিডি) // টিআই[/b]