বেঙ্গালুরুর রমেশ বাবুর জীবনের গল্প শুনে রুপকথার গল্প মনে হতেই পারে কিন্তু ঘটনা বাস্তব। শত শত কোটি টাকার মালিক। সেলুনে রোজ আসেন নিজের বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি চালিয়ে। সম্প্রতি ইন্ডিয়া টিভির খবরে জানা গেছে এই 'বিস্ময়' নাপিতের কাহিনী।
তিনি একজন সাধারণ নাপিত হলেও তার প্রাচুর্য্য বা ধনসম্পত্তির পরিমাণ 'অসাধারণ' বটে কেবল ক্ষৌরীই নয়, ৬৭ দামি গাড়ি সমৃদ্ধ একটি রেন্ট-এ কার ব্যবসা প্রতিষ্ঠানেরও মালিক তিনি।
একে অবশ্য ভাগ্য বলেই মানেন নাপিত রমেশ। 'আমার কপালটা খুলে গেছে', এমনই ভাষ্য তার! তা তো খুলেছেই। আর তার খদ্দের কারা সেটা জানলেও চোখ কপালে উঠতে পারে আপনার। নামিদামি রাজনীতিবিদ, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি সালমান খান, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো সুপারস্টাররা কেশ শয্যার জন্য তার কাছেই আসেন।
কর্মক্ষেত্রে তিন কোটি রুপির বিলাসবহুল 'রোলস রয়েস গোস্ট' গাড়িটি নিয়ে আসেন রমেশ। তার কথা, যেমন ভাবে এই গাড়ির যত্ন নেন তেমন যত্ন নিয়েই ক্ষৌরীর কাজ করেন তিনি।
সেলুন ব্যবসা তো দারুণ চলেই, সঙ্গে গাড়ি ভাড়া দেয়ার ব্যবসাটিও তার বিত্তে জোগান দেয়। এছাড়া দামি গাড়ি সংগ্রহ করা রমেশের শখ। একই সঙ্গে গাড়িগুলো একজন সংগ্রাহকের মতোই পরিপূর্ণভাবে যত্ন করেন তিনি।
তার এতো অর্থ-বিত্ত পাওয়ার পেছনের গল্প এত সোজা ছিল না। ১৯৮৯ সালের কথা। রমেশের বাবা মারা গেলেন। রেখে গেলেন একটা ছোট্ট সেলুন, রমেশ তখন কিশোর। রমেশের মা দোকানটি দিনে মাত্র পাঁচ রুপির বিনিময়ে ভাড়া দিলেন আর মানুষের বাড়িতে কাজ নিলেন। এভাবেই সংসার চলত তখন।
পুরনো দিনের কথা বলতে গিয়ে রমেশ আবেগী হয়ে ওঠেন- 'বাবা যেদিন মারা গেলেন, সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। তিনি আমাদের, আর তার সেলুনটি ছেড়ে চলে গেলেন একবারে। কিন্তু এভাবে বেশিদিন চলেনি।
১৯৯৪ সালে তিনি সিদ্ধান্ত নিলেন, আর পড়ালেখা নয়। বাবার ব্যবসার হাল ধরতে হবে। তার স্কুলের পাশেই ছিল সেলুনটি। রমেশের হাতে শিগগিরই সেটি তরুণদের পছন্দের এক সেলুন হেয়ার স্টাইলিং জোন হয়ে ওঠে।
সে সময়ই গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন তিনি। তিন বছর পর একটা 'মারুতি ওমনি' গাড়ি ঠিকই কিনে ফেলেন। এরপর এটি ভাড়া দিতে শুরু করেন। তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় সেখান থেকেই। তার মা যাদের অধীনে কাজ করতেন, তাদেরই একজন রমেশকে পরামর্শ দেন গাড়িটি তার নিজের প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিতে।
এভাবেই নতুন দিনের শুরু। সেলুনের ব্যবসা থেকে লাভের পুরো টাকাই বিনিয়োগ করেন গাড়ির ব্যবসায়। ৯০-এর দশক শেষে তিনি ট্যাক্সি ব্যবসায় সফল হন, তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেন 'রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস'।
২০০৪ সালে নজর দেন বিলাসবহুল গাড়ির দিকে। এ সময় সরকার পর্যটন খাতে গুরুত্ব দেয়ায় আরো সুবিধা হয় রমেশের। তখন থেকে রমেশের তুমুল গতিতে সামনে এগিয়ে যাওয়ার গল্প শুরু। প্রথমে একটি ‘মার্সিডিস ই ক্লাস লাক্সারি সেডান’ কেনেন। দাম পড়ে ৩৮ লাখ রুপি। এরপর একে একে আরো তিনটি মার্সিডিজ এবং তিনটি বিএমডব্লিউ। আর তারপর পুরো এক ডজন টয়োটা ইনোভা।
এখন রমেশের সব মিলিয়ে প্রায় ২০০টির মত গাড়ি, ভ্যান এবং মিনি বাস রয়েছে। আমদানি করা বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েস সিলভার গোস্ট, মার্সিডিজ সি, মার্সিডিজ ই, মার্সিডিজ এস, বিএমডব্লিউ ৫, বিএমডব্লিউ ৬, বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়ি।
এছাড়া মার্সিডিজের আরো কিছু গাড়ি এবং টয়োটার মিনি বাস রয়েছে রমেশের। এগুলো ছাড়া রমেশের রয়েছে একটি 'সুজুকি ইনট্রুডার' বাইক, যার দাম ১৬ লাখ রুপি। এটি অবশ্য ভাড়া দেয়ার জন্য নয়, রমেশের ব্যক্তিগত ব্যবহারের জন্য। ছুটির দিনে এই শখের মোটরযানে সওয়ার হন রমেশ।
তবে এখানেই থেমে থাকবেন না রমেশ, চান আরো। যত দিন সাধ্য আছে তত দিন কাজ চালিয়ে যাব’- নাপিতের কাজটা বাদ না দেয়ার দিকেই ইঙ্গিত করেন রমেশ। বিশাল বিত্তশালী হয়ে উঠলেও পুরনো পেশা বা কাজকে কখনোই ভুলতে চান না রমেশ। এখনো নিজ হাতে সাধারণ খদ্দেরদের চুল কাটান মাত্র ৬৫ রুপিতে।
রমেশের রোলস রয়েস ভাড়া করতে একদিনে গুনতে হয় ৭৫ হাজার রুপি। তার খদ্দেররা হচ্ছেন করপোরেট মহলের বড় বড় সব কর্মকর্তা। আবার চলচ্চিত্র জগতের নামিদামি তারকারাও রমেশের গাড়ি এবং সেলুন সার্ভিসের সাহায্য নেন নিয়মিত। নিজের কাজ নিয়ে সহজাত রমেশ- আমি যা করেছি, ভালোই করেছি। এটুকুই বলতে পারি - মৃদু হাসি দেন শেষটায়।
এসএইচ





