কেনিয়ার উপকূলের কাছে গত রাতে নতুন করে চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সোমালিয়ার আল-কায়েদা সম্পৃক্ত শেবাব বিদ্রোহী গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মঙ্গলবার পুলিশ জানায়, বন্দুকধারীরা সোমবার রাতে একই অঞ্চলের একটি গ্রামে হামলা চালায় এবং এতে কমপক্ষে ১০ জন নিহত হয়। রোববার রাতে কেনিয়ার এম পিকেতনি শহরে সম্ভবত একই গ্র“পের সদস্যদের হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়।
শেবাবের সামরিক মুখপাত্র আব্দুলাজিজ আবু মুসাব টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা গত রাতে নতুন করে হামলা চালিয়েছি। আমাদের হামলায় যে ২০ জন নিহত হয়েছে তাদের বেশীর ভাগই পুলিশ ও বনরক্ষী। কেনিয়ার সামরিক সদস্যদের লক্ষ্যকরে হামলা চালাতে আমাদের কমান্ডোরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।’
হামলাকারীরা এখনো কেনিয়ায় রয়েছে অথবা তাদেরকে সোমালি সীমান্তের ওপারে বিতাড়িত হয়েছে। সেব্যাপারে কিছু উল্লেখ না করে তিনি আরো বলেন, ‘কমান্ডোরা তাদের দায়িত্ব পালন করে ভালোভাবেই তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।’
কেনিয়ার পুলিশের মুখপাত্র জিপোরা বোরোকি এ হামলার খবর নিশ্চিত করেছে। তবে স্থানীয় পুলিশ ও এক কাউন্টি কর্মকর্তা রাতে এ হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হওয়ার কথা জানায়।
তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার চেষ্টা করছে।’সূত্র: এএফপি।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।





