দক্ষিণ আমেরিকা মহাদেশের গঠন নিয়ে নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলির নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপে অনুসন্ধান চালাতে গিয়ে বিজ্ঞানীরা এ নতুন তথ্যের আভাস পান।
দ্বীপটি চিলির পাতাগোনিয়া অঞ্চলের একটি দুর্গম এলাকায় অবস্থিত। দ্বীপটিতে কয়েকটি ভূগর্ভস্থ গুহা আবিষ্কার করেন চিলি ও ফ্রান্সের যৌথ গবেষক দল। গুহাগুলোর ভূ-তাত্ত্বিক গঠন জানা গেলেই জানা যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের গঠন সম্পর্কে।
গবেষক দলটি গুহাগুলোর মধ্যে এক ধরনের সংযোগ বা নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন। এই নেটওয়ার্কের সূত্র ধরেই গবেষকেরা এগিয়ে যাচ্ছেন।
চিলির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকার দিয়েগো ডি আলমাগরো দ্বীপে অনুসন্ধান চালাতে গিয়ে ২০টি চুনাপাথরের গুহার দেখা পান গবেষকরা।
গবেষকরা ডুব দিয়ে এসব গুহায় প্রবেশ করেছেন। এসব গুহার কোন কোনটি প্রায় ৫০ মিটার গভীর। এসব গুহার কোনটিতে তারা চুনাপাথর ও মানব কঙ্কালের ভাঙ্গা হাড়গোড়ের সন্ধান পেয়েছেন। ধারণা করা হচ্ছে এসব হাড়গোড় কয়েসকার আদিবাসী সম্প্রদায়ের।
বিজ্ঞানীরা সাধারণত ধারণা করে থাকেন যে, পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে টেকটোনিক প্লেটের অবস্থানের কারণেই একটি থেকে আরেকটি সরে যাচ্ছে। অর্থ্যাৎ একসময় একসঙ্গে থাকা মহাদেশগুলো ধীরে ধীরে একটি থেকে আরেকটি পৃথক হয়ে যায়। সেই পৃথক হওয়ার কাজ এখনো চলছে। তবে, সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথক হয়ে যাওয়া মহাদেশগুলো আবারো এক সময় এক হয়ে যাবে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]