ভিয়েতনামে টাইফুন ডার্মির আঘাতে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরো কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছে। খবর টেলিগ্রাফ, ইয়াহুর।

দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকায় শনিবার আঘাত হানা টাইফুনটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে ভারী বর্ষণে ৪০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানাচ্ছে, এসময় কমপক্ষে ২৭ জন নিহত এবং ২২ জন নিখোঁজ হয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, উপকূলীয় খানহ হোয়া প্রদেশে সাদা বালুর জন্য বিখ্যাত নহা ত্রাঙ্গ সমুদ্রসৈকতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তারা বলছে, সেখানে ১৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

এর আগে ডার্মির সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে পর্যটকসহ ৩০ হাজারের বেশি মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে টাইফুনের কারণে বেশ কয়েকটি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে রেল সার্ভিস। ফু ইয়েন প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তুই হোয়া শহর এর আগে এ ধরনের ধ্বংসযজ্ঞ দেখেনি।

আগামী সপ্তাহে দেশটিতে এশিয়া প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো বিশ্ব নেতারা যোগ দেবেন।

বিশ্বব্যাংক জানিয়েছে, গেলো দুই দশকে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ১৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর ক্ষতি হয়েছে ৬৪০ কোটি ডলারের বেশি সম্পদের।
জেড