ভেনিজুয়েলার সেনাবাহিনী ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতিকে অত্যন্ত বিপদজনক বলে অভিহিত করেছে। প্রিসনা ল্যাতিনা নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, ভেনিজুয়েলার সেনাবাহিনী এক বিবৃতিতে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সতর্ক করে বলেছে, মাদক বিরোধী তৎপরতায় ভেনিজুয়েলা আগ্রহী নয় এমন অজুহাতে আমেরিকা সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তিনি আমেরিকার এ তৎপরতাকে ভেনিজুয়েলার জন্য হুমকি বলে অভিহিত করেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সেনারা কানাডা, ব্রিটেন, মেক্সিকোসহ ক্যারিবিয় অঞ্চলের ১৪টি দেশের সহযোগিতায় নৌ ও স্থল সামরিক মহড়ার পদক্ষেপ নিয়েছে। মহড়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, সমুদ্র ও স্থল পথে বিরাজমান হুমকি মোকাবেলার জন্যই ওই অঞ্চলে সামরিক মহড়া চালানো হবে। মাদক বিরোধী অভিযানে ভেনিজুয়েলা সরকারের আন্তরিকতা নিয়ে মার্কিন কর্মকর্তারা প্রশ্ন তোলার পর ওই অঞ্চলে আমেরিকা সামরিক তৎপরতা বাড়িয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মাদকের বিরুদ্ধে সেদেশের সরকারের কঠোর পদক্ষেপকে উপেক্ষা করেছে আমেরিকা। এমনকি ভেনিজুয়েলার সেনাবাহিনী ২০০৫ সালে ৭.৫৫টন মাদক উদ্ধার করলেও আমেরিকা এ বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গেছে।

অনেকে বলছেন, আমেরিকা আসলে মাদক নিয়ন্ত্রণের কথা বলে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তার প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

এআর