ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যে সিরিয়ার গৃহযুদ্ধের সমাধানে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে তার দেশ।
মঙ্গলবার সফরকারী অস্ট্রিয়ান প্রেসিডেন্ট হেইঞ্জ ফিশ্চারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এই কথা বলেছেন।
শিয়া অধ্যুষিত ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং আসাদ বিরোধী বিদ্রোহী ও যোদ্ধাদেরকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
রুহানি বলেছেন, "যদি সিরিয়ার জন্য অধিকতর নিরাপদ, স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ বয়ে নিয়ে আসে, তাহলে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও বিশ্ব শক্তির সঙ্গে যে কোনো জায়গায় আলোচনায় বসতে ইরান প্রস্তুত।"
তিনি জানান, আন্তর্জাতিক, ইসলামিক ও মানবিক আদর্শের প্রতি এটা তার দেশের প্রতিজ্ঞা।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে অপসারণ করতে পশ্চিমা ও উপসাগরীয় জাতিগুলোর প্রচেষ্টার সমালোচনা করে আসছে ইরান।
গত চার বছর ধরে সিরিয়ায় আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা গেছেন। আর গৃহহীন হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন আরো কয়েক হাজার। ইউরোপে পাড়ি জমানোর পথে সাগরে ডুবে মারা গেছেন অনেক।
জেডআই





