জার্মানিতে ইসলামবিদ্বেষী ও এর বিরোধীরা এখন মুখোমুখি অবস্থায় রয়েছে। বিভিন্ন সময়ে তারা দেশটির বিভিন্ন স্থানে ইসলামের পক্ষে-বিপক্ষে সমাবেশও করেছে।

ইসলামবিদ্বেষী সংগঠন প্যাট্রিয়টিক ইউরোপিয়ানস অ্যাগেইনস্ট দি ইসলামিজেশন অব দ্য ওয়েস্টের (পেগিদা) প্রধান লুটজ ব্যাচম্যান ফেসবুকে নাৎসিপ্রধান হিটলারের গোঁফ ও চুল সদৃশ্য একটি ছবি আপলোড এবং 'অভিবাসীদের পশু ও সন্ত্রাসী' হিসেবে মন্তব্য করায় সেই বিতর্ক নতুন রূপ ধারণ করেছে। এ জন্য তাকে 'নব্য হিটলার' হিসেবে অবিহিত করেছে ওই সংগঠনের বিরোধীরা।

তীব্র প্রতিক্রিয়ার মুখে পেগিদা প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যাচম্যান। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে হিটলার অবয়ব ওই ছবির ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

স্থানীয় এক সংবাদমাধ্যমকে ব্যাচম্যান বলেন, 'হ্যাঁ পেগিদা বোর্ড থেকে আমি পদত্যাগ করছি।বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমাও চাচ্ছি।তার ওই মন্তব্য বিতর্কিত বলে মেনে নিয়েছে পেগিদা।'

সংগঠনের মুখপাত্র ক্যাথরিন অরটেল বলেন, 'অভিবাসীদের নিয়ে মন্তব্য একটু বেশিই কড়া হয়ে গেছে। তবে হিটলারের ছবিটি শুধুমাত্র ব্যঙ্গ ও মজা করার জন্য আপলোড করেন তিনি। এ ব্যাপারে সব নাগরিকের অধিকার রয়েছে।'    

জার্মানিতে ইসলামবিদ্বেষী ও এর বিরোধীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। পেগিদার সমর্থকরা 'আমরা এখানকার জনগণ' বলে স্লোগান দেন। বিরোধীরা পাল্টা 'হিটলার, হিটলার' বলে স্লোগান দেন। তাদের জার্মানিতে থাকার অধিকার নেই বলেও দাবি করেন তারা।

দেশটিতে গুরুত্বপূর্ণ কিছু জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন স্থানে পেগিদার পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। তথ্যসূত্র : বিবিসি।

ইআর