পাকিস্তান আজ পরমাণু অস্ত্রবাহী হাতেফ-৯ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ বা আইএসপিআর জানিয়েছে, আজকের পরীক্ষার অংশ হিসেবে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী পরমাণু অস্ত্রবাহী এ ক্ষেপণাস্ত্র ৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে।
পাকিস্তান সাগর-ভিত্তিক পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে বলে খবর প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন করে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। পাকিস্তান আগামী এক বা দুই বছরের মধ্যে সাগরভিত্তিক পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে বলে এ খবরে দাবি করা হয়েছে।
এর আগে ২০১১ ও ২০১৩ সালে পাকিস্তান পরমাণু বোমা বহনে সক্ষম কৌশলগত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী এ ক্ষেপণাস্ত্রের পাল্লা মাত্র ৬০ কিলোমিটার। বোমাকে আকৃতিগত দিক থেকে ছোট করে আনার কারণেই এ জাতীয় ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





