মিয়ানমারে সেনা অভ্যুত্থান ব্যর্থ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
তিনি বলেন, “এই অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়, সেজন্য মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ তৈরিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।”
আজ (০৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, “নির্বাচন উল্টে দেওয়া অগ্রহণযোগ্য এবং অভ্যুত্থান করা নেতাদের বুঝতে হবে যে, এটি দেশ পরিচালনার কোনো পদ্ধতি নয়।”
মিয়ানমারে আবারও সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, এই বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সবাই ঐক্যবদ্ধ হবে।
এদিকে, গত মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেখানে চীন সমর্থন না করায় তারা কোনো যৌথ বিবৃতি দিতে পারেনি। যৌথ বিবৃতি দেওয়ার জন্য দরকার চীনের সমর্থন। কারণ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একটি হলো চীন। আর সে কারণে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের।
গত ০১ ফেব্রুয়ারি (সোমবার) মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং প্রেসিডেন্টসহ বেশ কিছু নেতাকে আটক করে দেশে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।
এমবি





