ভারতের উত্তর প্রদেশের কোনো হিন্দু পরিবারে ১০টির বেশি বাচ্চা থাকলে, সেই পরিবারকে নগদ ২১ হাজার রুপি দেয়ার কথা ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি-র সহযোগী দল শিবসেনা।

এক সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিপ্রাপ্ত প্রভাব খর্ব করতে এবং তাদের টক্কর দিতে শিবসেনা এই ঘোষণা করেছে।

শিবসেনার রাজ্য সভাপতি অনিল সিং ওই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, জেলায় জেলায় এমন পরিবার চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়েছে, যেখানে ১০ জনের বেশি বাচ্চা রয়েছে।

জানা গেছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহে দলের তরফে ওই সমস্ত পরিবারকে নগদ এবং সার্টিফিকেট দেয়া হবে। কেন এই নগদ দেয়া হচ্ছে, সে ব্যাপারে ওই সার্টিফিকেটে লেখা থাকবে, ‘দেশের স্বার্থে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর জন্য।’

এমনকি হিন্দুদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিরোধিতায় দলের তরফে ১ নভেম্বর থেকে আন্দোলন শুরু হবে। আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সরকারি মেডিক্যাল হেলথ সেন্টারগুলোতে কিছুক্ষণের জন্য তালা ঝোলানো হবে।

শিবসেনার রাজ্য সভাপতি অনিল সিং জানিয়েছেন, "আমরা হিন্দুদের কাছে আপিল করব, তাদের জনসংখ্যা বাড়ানো এখন সময়ের দাবি। এমন না-করলে দেশে আমরা নগণ্য হয়ে যাব।"

সাত বছর আগেও এমন কর্মসূচি নিয়েছিল শিবসেনা। তখন লখনৌয়ের যে হিন্দু পরিবারে

১০টির বেশি বাচ্চা ছিল, তাদের প্রত্যেককে ১১ হাজার টাকা দেয়া হয়েছিল। সে সময় প্রায় ১২০টি পরিবার টাকা পেয়েছিল।