[b]ব্রাসেলস:[/b] মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে গত কয়েক মাসের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে যৌথ সামরিক মিশন পরিচালনার লক্ষ্যে দেশটিতে সৈন্য পাঠাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে চরম নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইইউ পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার দেশটিতে কয়েকশ সৈন্য মোতায়েনের ব্যাপারে মত দেন। এ সৈন্য সংখ্যা ৪শ’ থেকে ৬শ’ হতে পারে।
এদিকে ব্রাসেলসে ইইউ-জাতিসংঘ দাতাদের এক সম্মেলনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে চলতি বছর ৪৯ কোটি ৬০ লাখ ডলার সাহায্য দেয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে।
ইইউ পররাষ্ট্র মন্ত্রীরা আগামী ছয় বছর দেশটিতে ইইউ’র প্রধান কাজ কী হবে তা নিয়ে আলোচনা করেন।মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র বিশাল সংকটে পড়েছে, এমন সতর্কবাণী উচ্চারণ করে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন দেশটিকে সহিংসতার করাল গ্রাস থেকে বের করে আনতে বিশ্বের প্রতি আহবান জানিয়েছেন।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী কার্ল বিলত বলেন, ‘মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রাজনৈতিক ও মানবিক সহায়তা জরুরী। এজন্য আমাদের স্পষ্টভাবে কিছু একটা করা প্রয়োজন।’
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, দিনদিন গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
এছাড়া ৩৮ ট্রাক ভর্তি চাল ক্যামেরুনের সীমান্তবর্তী এলাকায় মজুদ রয়েছে। তবে হামলার ভয়ে চালকরা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যেতে চাচ্ছেন না।
ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সামরিক মিশনের উদ্দেশ্য রাজধানী বাংগুইকে নিরাপদ করে তোলা।ইইউ সামরিক বাহিনী ফ্রান্স ও আফ্রিকান বাহিনীকে সহায়তা করবে এবং আগামী চার থেকে ছয় মাসের মধ্যে নিরাপত্তার ভার আফ্রিকান বা জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে হস্তান্তর করবে।
জার্মানীর মত ব্রিটেন ফ্রান্সের মিশনকে লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব দিলেও সৈন্য পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। জার্মানীর পররাষ্ট্র মন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ১ হাজার ৬শ’ ফরাসি সৈন্য মোতায়েনের প্রশংসা করেছেন।