ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীদের ইয়েমেনের বন্দরনগরী এডেনে তাদের সর্বশেষ ঘাঁটি থেকে বিতাড়িত করেছে সরকারি বাহিনী।

এডেন বিমানবন্দর চালুর পরই নগরীর মাশেক এলাকা থেকে হুথিদের বিতাড়িত করা হয়।

বিমানবন্দরটি চালু হওয়ার পর অস্ত্র নিয়ে সেখানে অবতরণ করে সৌদি সামরিক বিমান। এরপর হুথি বিদ্রোহীদের অবস্থানে হামলা চালায় সরকারি বাহিনী।

বুধবার সংঘটিত ওই লড়াইয়ে অন্তত ২০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। এ এলাকাতেই ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আবদে রাব্বু মনসুর হাদীর সরকারি প্রাসাদ অবস্থিত। হুথি হামলার মুখে তিনি সৌদি পালিয়েছিলেন তিনি।

মাশেক এলাকাকে এডেন নগরীতে হুথিদের সর্বশেষ শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচনা করা হতো। দুই সপ্তাহ আগেই নগরীর প্রাণকেন্দ্রসহ অধিকাংশ এলাকা থেকে হুথিদের হটিয়ে দেয় সরকার সমর্থক যোদ্ধারা।

হুথিদের বিরুদ্ধে সর্বশেষ এই অভিযানে নেতৃত্ব দেয় পপুলার রেজিসট্যান্স মুভমেন্ট নামে হুথি বিরোধী ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মিলিশিয়ারা।

এদিকে হুথিরা এডেন থেকে বিতাড়িত হওয়ার পর নির্বাসিত ইয়েমেনি সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এডেনে ফিরে এসেছেন। তাদের মধ্যে অন্যতম দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা প্রধান ও ইয়েমেনি পার্লামেন্টের সহকারী প্রধান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী গত মার্চ মাস থেকে এ পর্যন্ত লড়াইয়ে ইয়েমেনে মারা গেছে ৩,২০০ মানুষ। হুথি বিদ্রোহীরা পতিত স্বৈরশাসক সালেহের অনুসারীদের সমর্থন নিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করলে এ লড়াই ছড়িয়ে পড়ে।


এমআর