"আপনারা আসুন, ভারতে উৎপাদন করুন, বিক্রি করুন যেকোন স্থানে; কিন্তু উৎপাদন করুন এখানে। আমাদের মেধা ও দক্ষতা রয়েছে।" শুক্রবার দেশটির স্বাধীনতা দিবসের ভাষণে বিশ্ববাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি'র।
রাজধানী নয়াদিল্লির বিখ্যাত লাল দুর্গ চত্বরে শুক্রবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। তিনি খোলা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন। দেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রীগণ খোলা মঞ্চে ভাষণ দিলে বুলেট প্রুফ কাচের ভিতর থেকে দেন। কিন্তু তিনি খোলা মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত বক্তৃতায় সবাইকে বিমুগ্ধ করেন।
তার ভাষণ দেয়ার সময় লাল দুর্গ চত্বরে অন্তত ১০ হাজার লোক উপস্থিত ছিল। সাধারণত স্বাধীনতা দিবসের ভাষণে ভিআইপি ব্যক্তিরা উপস্থিত থাকেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এবারই ব্যতিক্রম করলেন।
মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "আমরা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে নয়, বরং সবার অংশগ্রহণের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। তিনি রাজনৈতিক বিরোধীদের অংশগ্রহণের কথাও ব্যক্ত করেন।"
তিনি নিজেকে প্রধানমন্ত্রী নয়, বরং একজন সেবক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, "আমি আপনাদের প্রধানমন্ত্রী নই; বরং প্রধান সেবক।" উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটিই হচ্ছে তার প্রথম স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৪৭ সালের এ দিনে ব্রিটেনের ঔপনিবেশিকতা থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।
মাথায় লাল পাগড়ি পরিহিত মোদি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন। তবে, তিনি কেবল আবেগধর্মীয় বক্তৃতাই দেন; কীভাবে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবেন এর কোন পথনির্দেশা দেননি। তিনি সরকারি-বেসরকারি (পিপিপি) অংশীদারিত্বের বিষয়টিতে জোর দেন। এর মাধ্যমে যুব প্রজন্ম নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি দিল্লিতে নিজেকে একজন বহিরাগত বলে আখ্যায়িত করেন। শহরের এলিট সমাজের পছন্দের ভিত্তিতে তিনি এখানে আসেননি বলেও জানান মোদি।
সাম্প্রদায়িক ও বর্ণগত সহিংসতাকে তিনি দেশের অগ্রগতির পথে বাধার বলে উল্লেখ করেন। ধর্ষণ ও কন্যা সন্তানের ভ্রুণ হত্যাকে তিনি দেশের জন্য লজ্জাজনক বলেও অভিহিত করেন। কন্যা ভ্রুণ হত্যাকে তিনি ভারতের জন্য এই একবিংশ শতাব্দীর একটি কলঙ্ক বলে উল্লেখ করেন।
দারিদ্রের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন তিনি। জনকল্যাণ কর্মসূচি অনুযায়ী প্রত্যেক ভারতীয়র ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত বলেও তিনি মনে করেন। সূত্র: এনডিটিভি
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





