'নিহত;' হওয়ার এক সপ্তাহ পর ভাষণ দিয়েছেন বোকো হারামের প্রধান নেতা আবুবকর শেকু!

শুধু তাই নয়, ৩৬ মিনিট দীর্ঘ সেই বক্তৃতা একটি ভিডিওচিত্রে প্রকাশ করেছে নাইজেরিয়ার ইসলামিক জিহাদী সংগঠনটি। নতুন এই ভিডিওচিত্রে শেকু বলেছেন, 'মরি নাই, আমি বেঁচে আছি। সে দিনই আমার মৃত্যু হবে, যে দিন আল্লাহ চাইবেন।

এক সপ্তাহ আগে নাইজেরিয়ার সেনাবাহিনী এক ভিডিওচিত্রে দাবি করেছিল, শেকুকে তারা মেরে ফেলতে সক্ষম হয়েছে।

নাইজেরীয় সেনাবাহিনীর এই দাবিকে ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন শেকু। তার ভাষায়, 'যতদিন হায়াত আছে, কেউ আমাকে মারতে পারবে না। আমি এখনও জীবিত। কেউ জিজ্ঞেস করতে পারে, শেকুর কি তবে দুটো আত্মা? না, আল্লাহ আমাকে একটাই আত্মা দিয়েছেন।'

ভিডিও চিত্রটি ঠিক কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এতে দেখা যায়, পেছনে তিনটা ভ্যান। পাশে মুখোশ পরিহিত চার সহযোদ্ধা। হাতে খাতা। পাতা উল্টিয়ে শেকু পড়ছেন, 'এটা এক অপপ্রচার মাত্র। কিন্তু আমার একটাই আত্মা। আমি একজন ইসলামিক ছাত্র।'

শেকু বলেন, 'আমি সেই ইসলামিক ছাত্র যার মসজিদ তোমরা পুড়িয়ে দিয়েছিলে।'

২০০৯ সালে নাইজেরিয়ার বর্নো প্রদেশের রাজধানী মেইদাগারিতে অবস্থিত বোকো হারামের একটি মসজিদ ধ্বংসের কথা উল্লেখ করতে এ কথা বলেন শেকু।

ভিডিওচিত্রে শেকু বলেছেন, 'আমরা খেলাফত পরিচালনা করছি। ইসলামিক খেলাফত। আমরা কোরাআন মেনে চলি। আল্লাহর জমিনে কোরআনের বিধিবারণ মেনেই পথ চলছি আমরা।'

এই বক্তব্যের দৃশ্যায়নও করা হয়েছে। ভিডিওচিত্রে দেখানো হয়েছে, ব্যাভিচার করার জন্য এক লোককে পাথর ছুড়ে মারা হচ্ছে। চুরির দায়ে আরেকজনের হাত কেটে নেওয়া হচ্ছে। পরপুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করার অভিযোগে এক নারীকে একশ বেত্রাঘাত করা হচ্ছে।

জেআই