বিগত ৬০ বছরের মধ্যে সব চেয়ে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে দক্ষিণ সুদান। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ৭ লাখেরও বেশি মানুষ।
ভয়াবহ এই বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ি করেছে জাতিসংঘ।
দেশটিতে ইউএনএইচসিআর-এর প্রতিনিধি আরাফাত জামাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবথেকে ঝুঁকিতে রয়েছে তার প্রথম দিকে রয়েছে দক্ষিণ সুদান।
এখানকার মানুষদের এমন একটি যুদ্ধ লড়তে হচ্ছে যা তারা নিজেরা বেছে নেয়নি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং এ সংখ্যা দ্রুত বাড়ছে। এখনো বন্যায় নিহতের তথ্য তার কাছে নেই।
রয়টার্সের খবরে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।
এতে লাখো মানুষের বাড়ি ও কৃষিজমি প্লাবিত হয়েছে। মজুদ করা খাদ্য নষ্ট হয়ে গেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, দেশটিতে মূলত ৪ প্রদেশে সবথেকে বেশি বন্যা হয়।
তবে দেশটির কিছু এলাকায় এবার যে বন্যা হয়েছে তা ১৯৬২ সালের পর সবথেকে ভয়াবহ। সেখানে মানুষদের এখন শুধু ঘাস খেয়ে বেঁচে থাকতে হচ্ছে।
আবার অনেকেই বন্যা থেকে বাঁচতে দিনের পর দিন হাটছেন। তাদের পোষা প্রাণীগুলো ডুবে গেছে, ফসল ভেসে গেছে।
দিন দিন ত্রাণের উপরে নির্ভরশীল মানুষের সংখ্যা বাড়ছে।
আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতেও বৃষ্টি অব্যাহত থাকবে।
এইচএন





