ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দু'দেশের মধ্যবর্তী সীমান্ত লাইন অব কন্ট্রোলের (এলওসি) পাকিস্তান মর্টার হামলা করেছে বলে দাবি করেছে ভারত।

রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে মঙ্গলবার ভোর ৫টা থেকে টানা এক ঘণ্টা ধরে পাকিস্তান হামলা চালায় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল মনীষ মেহতা। খবর ইনডিয়া টুডে।

তিনি বলেন, পাকিস্তানী বাহিনী আন্তর্জাতিক আইন লংঘন করে বিনা উস্কানিতে নৌসেরা সেক্টরের তিনটি জায়গায় গোলাগুলি করে। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র জানান, পাকিস্তানী সেনারা মর্টারের গোলা,ভারি ও ক্ষুদ্র অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এর পাল্টা গুলি ছুড়ে ভারতীয় বাহিনী যথোপযুক্ত জবাব দেয় বলে জানান তিনি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, নৌসেরা সেক্টরের কালাসিয়ায় ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে পাকিস্তান ১২০ এমএম এবং ৮২ এমএম মর্টার গোলা ছোড়ে। এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার পাকিস্তানী সেনারা অন্তত ৪বার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করেছে। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সৌজিয়ান, শাহপরু-কেরনি, মান্দি এবং কেজি সেক্টকের এসব হামলা চালায়। এ সময় পাঁচজন নারীসহ ১০ জন আহত হয়েছেন।

জেড