ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশের সঙ্গে স্বাধীনতাকামী বিদ্রোহীদের গোলাগুলি অব্যাহত আছে। তবে ইতোমধ্যে এক স্বাধীনতাকামী নিহত হয়েছে। তবে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ(শনিবার) সকালে পুলিশ তাবেলা চট্টবাল এলাকার একটি বাড়ি ঘেরাও করলে গোলাগুলি শুরু হয়। একজন মারা যাওয়ায় ওই বাড়িতে আরও একজন স্বাধীনতাকামী অবস্থান করছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের চট্টবাল এলাকার একটি বাড়িতে স্বাধীনতাকামী বিদ্রোহীরা লুকিয়ে আছে- এমন খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এরপর স্বাধীনতাকামী ও পুলিশের মধ্যে গোলাগুলি চলে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গোলাগুলি চলছে।
চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে সর্বশেষ ‘বন্দুকযুদ্ধে’ খবর দিয়ে বলেছে, এর আগে বুধবার নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামী বিদ্রোহীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পালওয়ামা জেলার ওই ঘটনার সময় ব্যাপক বিক্ষোভ হয়। পরে স্বাধীনতাকামী বিদ্রোহীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এমবি





