সন্তান দত্তক নিলে কর্মীদের ৫০,০০০ টাকা ভর্তুকি দেবে অনলাইন বাণিজ্যিক সংস্থা ফ্লিপকার্ট। টুইটারে এমনটাই জানানো হয়েছে অনলাইন এই বাণিজ্যিক সংস্থার পক্ষ থেকে।খবর এবিপি আনন্দ
এই টাকা আইনগত বা সংস্থার কোনও কাজে কিংবা অন্য কোন খাতে খরচের জন্যে ব্যবহার করা যাবে।
অনলাইন এই শপিং সংস্থার মুখপাত্র জানিয়েছেন, তাদের সংস্থার মহিলাকর্মীরা ১২ মাসের কম কোনও শিশুকে দত্তক নিলে তাকে বেতন সমেত মাতৃত্বকালীন ছয়মাসের ছুটি দেওয়া হবে। এছাড়াও চারমাস তারা নিজেদের সুবিধামত সময়ে অফিসে ঢুকতে এবং বেরোতে পারবেন। এছাড়াও কোনও পুরুষ যদি সন্তান দত্তক নেন, তিনিও ছ’মাসের পিতৃত্বকালীন ছুটি পাবেন।
যদি দত্তক নেওয়া সন্তানের বয়স এক বছর বেশি হয়, তবে সেই কর্মীদের তিন মাস বেতনসহ ছুটি এবং নিজেদের সুবিধামত সময়ে অফিসে ঢুকতে এবং বেরোতে পারার সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
যদি এই ছুটিও কর্মীদের অপর্যাপ্ত মনে হয়, তবে তারা তিন মাস পর্যন্ত বেতন ছাড়া ছুটি নিতে পারবে। সেক্ষেত্রে চাকরি করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এই পুরো পদ্ধতিতে খরচ হয় ৪৬,০০০ টাকা। সংস্থা যে টাকা দেবে তার থেকে ৪০০০ টাকা কম। তবে ফ্লিপকার্টের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ভাতা কোনও প্রতিষ্ঠানে বাচ্চাদের পৃষ্ঠপোষকতার জন্য দেওয়া হবে না।
নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী এই নীতির প্রশংসা করে বলেছেন, এটি একটি মহান পদক্ষেপ। ফ্লিপকার্টকে এইকারণে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
ইআর





