ইরাক সংকট নিয়ে আলোচনার জন্য ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীরা মঙ্গলবার বৈঠকে বসছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বাগদাদের দিকে অগ্রসরমান সুন্নী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে ইরাককে ‘ব্যাপক’ সহায়তা দেয়ার অঙ্গীকার করার পর এ বৈঠক হচ্ছে।

ইসলামিক স্টেট অব ইরাক অ্যন্ড দ্য লেভান্ট (আইএসআইএল) নেতৃত্বাধীন সুন্নী বিদ্রোহীদের ইরাকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের প্রেক্ষাপটে কেরি সোমবার বাগদাদে আকস্মিক সফর করেন। এদিকে নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার সঙ্গে সীমান্ত ক্রসিং পুনরায় দখল করে নিয়েছে।

ইরাক ও ইউক্রেন নিয়ে আলোচনার জন্য ন্যাটোর পররাষ্ট্র মন্ত্রীদের দুই দিনের বৈঠক মঙ্গলবার শুরু হচ্ছে। খবর এএফপি’র।

চলতি মাসের শুরুতে ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, ইরাকের ঘটনাবলীর প্রতি জোট গভীর নজর রাখছে। তবে তিনি এও বলেন, সংঘাতের ঘটনায় তাদের কিছু করার নেই।

সোমবার ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠককালে কেরি দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া জোরদারের আহবান জানান।

বাগদাদে মার্কিন দূতাবাসে কেরি বলেন, ইরাকি নেতৃবৃন্দ দেশকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ওয়াশিংটন ব্যাপক ও টেকসই সহায়তা দেবে। আর তখন তা হবে অধিক কার্যকর।

তিনি বলেন, ‘ইরাকের ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত।’ সূত্র: বিএসএস

ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ