মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ‘খুব শিগগিরই’ লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস ত্যাগ করছেন। তিনি নিজেই আজ সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।
দূতাবাসে এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ একথা জানালেও ঠিক কী কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন তা জানাননি। অবশ্য ব্রিটিশ গণমাধ্যম গতকাল খবর দিয়েছিল, স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অ্যাসাঞ্জ।
বিশ্বব্যাপী মার্কিন আগ্রাসী তৎপরতা ও অপকর্ম ফাঁস করে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যাসাঞ্জ গত দু'বছর ধরে ব্রিটেনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছিলেন।
তার ওপর নজর রাখতে ব্রিটিশ সরকারের দৈনিক প্রায় ১৫ হাজার ডলার ব্যয় হয় বলে চলতি মাসের গোড়ার দিকে খবর বের হয়।
কথিত ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটিশ সরকার অ্যাসাঞ্জকে সুইডেনে ফেরত পাঠানোর চেষ্টা করলে ২০১২ সালের জুন মাসে তিনি ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। তখন থেকে টানা দু'বছর তার পেছনে নজরদারি বাবদ ব্রিটিশ জনগণের দেয়া আয়কর থেকে এক কোটি ১২ লাখ ডলার ব্যয় করেছে দেশটির সরকার। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





