ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বৃহস্পতিবার বলছেন, সীমান্ত হত্যা দু’দেশের আলোচনার মাধ্যমে সমাধান হবে।
তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখন ভালো সম্পর্ক বজায় আছে। তারা নিজের মধ্যে সব সময় কথা বার্তা চালিয়ে নিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুই বার সভায় বসে। তাই এসব বিষয় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমি মনে করি।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেললিংক লাইনের কাজ পরিদর্শনকালে সীমান্তের বিএসফের হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। একই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগও চালু হবে বলে জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি দুই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এই রেলপথের মাধ্যমেই হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাইকমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহামেদ নিজামী। সূত্র : ইউএনবি
এমআর





