বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু করেছে। এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, রাত ১২টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে ফেরি চলাচল শুরু করে। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা চারটি ফেরিও গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

সূত্র আরো জানায়, ঘন কুয়াশার কারণে সোমবারের মতো মঙ্গলবার সকালেও নির্ধারিত সময়ে লঞ্চ চলাচল করতে পারেনি। সকাল থেকে প্রায় সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চ-স্পিডবোট বন্ধ ছিল। নৌপথে কুয়াশার পরিমাণ কমতে থাকলে লঞ্চ চলাচল শুরু করে।

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী পরিবহন, বাস ও ছোট গাড়ি মিলিয়ে কমপক্ষে তিন শতাধিক যানবাহন আটকে আছে।

বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ জানান, সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এমআর