জাপানের কাগোশিমা অঞ্চলের স্থানীয় পরিষদ দু’টি পরমাণু চুল্লি পুনরায় চালু করার সিদ্ধান্ত আজ(শুক্রবার) নিয়েছে।

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের তিন বছরেরও বেশি সময় পরে এ সিদ্ধান্ত নেয়া হলো। আর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে প্রধান বাধা দূর হলো।

কাগোশিমা স্থানীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য এ সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছন। ওই এলাকার দু’টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী বলে জাপানের নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটি(এনআরএ) নিশ্চিত করার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ফুকুশিমার বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে জাপানের পরমাণু কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

এদিকে চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় পরিষদের এ সিদ্ধান্ত কাগোশিমার গভর্নরের কাছে পাঠানো হবে এবং আজ আরো পরে হয়ত এ অনুমোদন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরও এ কেন্দ্র দু’টি আগামী বছরের আগে চালু করা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে।

কাগোশিমা স্থানীয় পরিষদের সিদ্ধান্তকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে সরকারের পরমাণু নীতির বিজয় হিসেবে গণ্য করা হচ্ছে।সূত্র: বিবিসি

ইআর