সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারকে শয়তানের উৎস বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সোমবার তিনি এ ফতোয়া দেন। টুইটারে কেবল মিথ্যাচার ছাড়া আর কিছু হয় না বলেও তিনি উল্লেখ করেন। খবর ডনের।

টেলিভিশনে প্রচারিত একটি শোতে সৌদি গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল-শেখ আরও বলেন, "এটি যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে উপকার পাওয়া যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটিকে ব্যবহার করা হয় খুবই তুচ্ছ ও সামান্য বিষয় নিয়ে।"

টুইটারকে তিনি শয়তানি ও অনিষ্টকর কাজের উৎস বলেও উল্লেখ করেন। তিনি বলেন, "লোকজন মনে করে, এখানে (টুইটার) বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যাবে। কিন্তু এটি কেবল মিথ্যাচারিতার উৎস।"

তার এই ফতোয়ার অনেক অনুসারী থাকলেও বেশ কিছু সমালোচকও রয়েছেন। যেমন একজন তার টুইটারে টুইট করেছেন, "এটি (টুইটার) ব্যবহারের জন্য আমার এখন অনুতাপ হচ্ছে। এই শয়তানি অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখতে আমি আমার অ্যাকাউন্টটি বন্ধ করে দিব।"

আরেকজন অবশ্য গ্র্যান্ড মুফতিকে প্রশ্ন রেখে বলেছেন, "যথাযোগ্য সম্মান রেখে শেখ (মুফতি)'র কাছে জানতে চাচ্ছি, কোন কিছু ব্যবহার না করেই কীভাবে এর ভালো-মন্দ বলে দিতে পারলেন?"

আরেকজন গ্র্যান্ড মুফতির অনুসারী বলেছেন, "আমার বিশ্বাস মুফতি সত্য কথাই বলেছেন। টুইটার অনেক কুকর্মের উৎস।" সূত্র: ডন

এসএমএ