তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিামির পুতিন আবার ‘বার্লিন প্রাচীর’ পুন:নির্মাণ করতে চান। জার্মান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। পুতিনকে তিনি একজন ‘আত্মকেন্দ্রীক’ নেতা বলেও অভিহিত করেন।
দালাইলামা বলেন, ‘পুতিনের মনোভাব হল কেবল আমি, আমি, আর আমি। তিনি প্রথমে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর প্রধানমন্ত্রী। আবার তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এভাবে দায়িত্ব পালন আত্মকেন্দ্রীকতার নামান্তর।
তিব্বতের এই ধর্মীয় নেতা রাশিয়ার কট্টর সমালোচক। স্নায়ুযুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে এখন রাশিয়ার সবচেয়ে বৈরি সম্পর্ক চলছে।
দালাইলামা বলেন, চীন এবং রাশিয়া দুটি ভিন্ন রাষ্ট্র। নানা ক্ষেত্রে পার্থক্য আছে । আধুনিক বিশ্ব চীনকে গণতান্ত্রিক দেশ হওয়ার ক্ষেত্রে সমর্থন দিয়ে আসছে। চীন বিশ্বরাজনীতির অংশ হতে চায়। আন্তর্জাতিক বিধি-নিষেধ মেনে চলতে চায় দেশটি। কিন্তু এই মহূর্তে রাশিয়া ও তার প্রেসিডেন্ট পুতিন সেই পথে হাঁটছে বলে আমার মনে হয় না।
তিব্বতের এই নেতা বলেন, আমাদের অবশ্যই মেনে নিতে হবে ২৫ বছর আগে বার্লিন ওয়ালের পতন হয়েছে। এটা বাস্তবতা। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সেই ওয়াল পুন:নির্মাণ করতে চান পুতিন।
তবে এটা করতে গিয়ে তিনি তার নিজের দেশেরই ক্ষতি করছেন। তিনি রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলছেন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, যা দেশটির জন্য ‘আত্মহত্যার’ শামিল।
ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





