টানা জেরায় অসুস্থ হয়ে পড়লেন শিল্পপতি শান্তনু ঘোষ। সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করেছে। গ্লোবাল অটোমোবাইলস সংস্থার নামে ১৮০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণের টাকা নয়ছয় করার অভিযোগে শান্তনু ঘোষকে জেরা শুরু করেছে ইডি। শান্তনুর মুখোমুখি বসিয়ে জেরা করা হয় এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক কর্তাকেও।
শুক্রবার সকাল থেকে শান্তনু ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্তারা। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়েন শান্তনু। তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে পুলিশি জেরার মুখে অসুস্থ হয়ে পড়েন দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষরাও। সুদীপ্ত সেনের সঙ্গে যৌথভাবে গ্লোবাল অটোমোবাইল সংস্থা তৈরি করার জন্য শান্তনু ঘোষ ব্যাঙ্ক থেকে ১৮০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা তছরুপের মামলায় ইতিমধ্যেই শান্তনুকে ৩০ জুন পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত।
শান্তনুর অভিযোগ, সংস্থার নামে টাকা তুলতেন সুদীপ্ত সেন। ইডি জেরার মুখে শান্তনুও আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





