আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান সদস্যরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবান এ খবর নিশ্চিত করেছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে অবস্থিত তাদের দূতাবাস থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

তালেবানের হাতে জালালাবাদের পতনের কয়েক ঘণ্টার মধ্যে তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে।

দোহায় এক তালেবান নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি যারা কাবুল ত্যাগ করতে চায়, তাদেরকে নিরাপদে চলে যেতে দেয়ার ব্যবস্থা করার নির্দেশও দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার প্রতিরোধ গড়ে তুলবে না আত্মসমর্পণ করবে, তা এখনো নিশ্চিত নয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তালেবান বাহিনী সব দিক থেকে কাবুলে প্রবেশ করছে। তিনি অবশ্য বিস্তারিত কিছু বলেননি।

আফগান প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাবুলের বিভিন্ন স্থান থেকে গুলি বর্ষণের খবর আসছে।

উল্লেখ্য, তালেবান সদস্যরা আফগানিস্তানের জালালাবাদ ও খোশত প্রদেশের রাজধানী দখল করে। ফলে আফগান সরকারের হাতে আছে কেবল রাজধানী কাবুল ও ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ৫টি প্রদেশের রাজধানী। তথ্যসূত্র : আল জাজিরা ও রয়টার্স।

এইচএন